খসড়া ভোটার তালিকায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে কালীঘাটের বাসভবনে ফিরে ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূলের বুথ লেভেল এজেন্ট (BLA)-দের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে মোট ভোটার ২,০৬,২৯৫ জন। কিন্তু ডিজিটাইজড বা ভেরিফায়েড তালিকায় রয়েছে মাত্র ১,৬১,৫০৯ জনের নাম। অর্থাৎ প্রায় ৪৪,৭৮৬ জন ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ।
বৈঠকে জানানো হয়, বাদ পড়া ভোটারদের একটি বড় অংশকে ‘মৃত’ বলে উল্লেখ করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর নিজের বুথেই একাধিক জীবিত ভোটারের নাম মৃত দেখিয়ে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কীভাবে জীবিত মানুষদের মৃত দেখিয়ে বৈধ ভোটারদের নাম মুছে ফেলা হচ্ছে।
এরপরই তিনি বিএলএ-দের নির্দেশ দেন, কোনও অজুহাত নয়—বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি বাদ পড়া নাম সরেজমিনে যাচাই করতে হবে। বিশেষ নজর দিতে বলা হয়েছে ৭০, ৭২ ও ৭৭ নম্বর ওয়ার্ডে, যেখানে তুলনামূলকভাবে বেশি ভোটার বাদ গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৭৭ নম্বর ওয়ার্ডটি সংখ্যালঘু অধ্যুষিত।
আরও পড়ুন :
নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, ভবানীপুরে বসবাসকারী অনেকের নাম উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশার ভোটার তালিকায় থাকায় স্থানীয় তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই প্রক্রিয়ার আড়ালে যেন কোনও বৈধ ভোটার বাদ না যায়—বিশেষ করে বহুতল আবাসনগুলিতে নজরদারি বাড়াতে বলেন তিনি।
সামনেই ভোটার তালিকা সংশোধনের শুনানি শুরু হবে। সাধারণ মানুষের সহায়তায় পাড়ায় পাড়ায় ‘May I Help You’ ক্যাম্প চালু রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ফর্ম পূরণ বা কাগজপত্র সংক্রান্ত সমস্যায় প্রয়োজনে বাড়িতে গিয়েও সাহায্য করতে বলেন তিনি।
এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশিস কুমার-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
#CMMamataBanerjee, #Bhabanipur, #VoterList, #SIR, #BLA, #WestBengalPolitics, #ElectionCommission
0 মন্তব্যসমূহ