হাতে আর মাত্র তিনটি দিন। মাধ্যমিক শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। এ দিকে শিক্ষকের অভাব এবং শিক্ষকদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে চিন্তার কালো মেঘ প্রধানশিক্ষকদের মনে। কারণ, শিক্ষকদের একাংশ এই মুহূর্তে ব্যস্ত নির্বাচন কমিশনের দেওয়া কাজে। চলছে ভোটার তালিকা নিবি়ড় সংশোধনের কাজ। এর মধ্যে কী ভাবে সামাল দেওয়া যাবে মাধ্যমিক বা তার পর উচ্চ মাধ্যমিক?
কোনও স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে অন্য স্কুলের পরীক্ষার্থীরা। কোনও কোনও স্কুলকে আবার মূলকেন্দ্র করা হয়েছে। যেমন দমদম বাপুজি কলোনি হাইস্কুল। তিনটি পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব এই স্কুলের উপর। এ দিকে কর্মীসঙ্কট। স্কুলের প্রধানশিক্ষক দেবব্রত সিংহ বলেন, “এই মুহূর্তে পরীক্ষা পরিচালনার জন্য পরিদর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ দিকে আমার স্কুলের আওতায় আরও তিনটি পরীক্ষাকেন্দ্র রয়েছে। বিভিন্ন স্কুলে চিঠি পাঠিয়েছি শিক্ষক চেয়ে। ৩০ জানুয়ারি পর্যন্ত কোনও উত্তর আসেনি।”
0 মন্তব্যসমূহ